প্রেমের ফাঁদে ফেলে চাঁদা দাবি, লুটপাটের চেষ্টা ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ করেছেন চট্টগ্রামের সেফায়েত উল্লাহ নামের এক যুবক। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে নগরীর চেরাগী মোড়স্থ চট্টগ্রাম একাডেমি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে সেফায়েত উল্লাহ জানান, নাফিসা বিনতে আলম নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। কথোপকথনের সূত্রে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে ওই নারী বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ঘরের সম্পদ লুটপাট এবং মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, এসব ঘটনায় তিনি মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত। ইতোমধ্যে তিনি আদালতে মামলা করেছেন। তিনি বলেন, “আমি সম্পূর্ণভাবে প্রতারিত হয়েছি। এই ঘটনার কারণে আমার ব্যক্তিগত সম্মান ও সামাজিক অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনা হোক।”
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত নাফিসা বিনতে আলম চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রুমঘাটা এলাকার মো. শাহ আলমের কন্যা। তিনি ভুক্তভোগীর কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা ছাড়াও মিথ্যা মামলা ও হুমকির মাধ্যমে হয়রানি করেছেন বলে দাবি করা হয়।
সেফায়েত উল্লাহ আরও বলেন, “এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সমাজের নৈতিক মূল্যবোধের ওপরও আঘাত করে। তাই এই প্রতারণা চক্রের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ও কঠোর ব্যবস্থা নেবে—এটাই আমার প্রত্যাশা।”
তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, “সত্য প্রকাশে সাংবাদিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আপনারা সত্যকে জনগণের সামনে তুলে ধরবেন।”