নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় চাষাড়া থেকে সাইনবোর্ডগামী ফ্লাইওভারের ওপর সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর প্রায় ১টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুপুরের হালকা বৃষ্টির সময় একটি ওপেন ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের সাইডওয়াল ও ল্যাম্পপোস্ট ভেঙে নিচে পড়ে যায়।
ফ্লাইওভারের নিচে থাকা একটি অটোরিকশার পাশ ঘেঁষে ট্রাকটি আছড়ে পড়লে অটোরিকশা চালক মোহন (বয়স আনুমানিক ৬৫–৭০ বছর) গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে ফতুল্লা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দায়িত্ব পালনকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার (এসআই) সাইফুল, যিনি উদ্ধারকাজ ও যানবাহন নিয়ন্ত্রণে তদারকি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় ট্রাকটি হঠাৎ স্লিপ করে দেয়ালে ধাক্কা মেরে নিচে পড়ে যায়। দুর্ঘটনার মুহূর্তে প্রচণ্ড শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফ্লাইওভারে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।