মাদারীপুর সদর থানাধীন ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটিতে জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। এসময় ২০০ কেজি গাঁজা জব্দ ও দুইজনকে গ্রেফতার করা হয়। গত শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) রাত ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদারীপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হাছান মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আদিলুর রহমান, পুলিশ পরিদর্শক কে. এম. রাকিবুল হুদা (ওসি-ডিবি)সহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে উত্তর ঝিকরহাটি গ্রামের নান্নু দর্জির বাড়ি থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলো—
১। নান্নু দর্জি (৬২), পিতা মৃত মতলেব দর্জি
২। নুরু দর্জি (৪২), পিতা মৃত ধলু দর্জি
তাদের দখল থেকে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৯টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৫০ প্যাকেটে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এনামুল দর্জি (৪২), পিতা ইব্রাহিম দর্জি এবং সুমন দর্জি (৩৫), পিতা নান্নু দর্জি পালিয়ে যায়। এদের মধ্যে এনামুল দর্জির নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সদর মডেল থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের এ সফল অভিযানে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।