আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। গত শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সম্প্রতি সোহেল রানা নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তার ভাই আনসার ব্যাটালিয়নের নিয়োগ পরীক্ষায় বাদ পড়ার পর প্রতারক চক্রের সদস্যরা ফোনে যোগাযোগ করে নিজেদের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখায়। প্রথমে তারা ১২ লাখ টাকা দাবি করলেও পরে ভুক্তভোগী বিভিন্ন মাধ্যমে মোট ৫ লাখ টাকা প্রদান করেন। টাকা নেয়ার পর প্রতারকরা ভুয়া নিয়োগপত্র হাতে তুলে দেয়। কিন্তু নিয়োগপত্রে গরমিল ধরা পড়লে বিষয়টি স্পষ্ট হয় এবং ভুক্তভোগী র্যাব-৪ এ অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর র্যাব-৪ এর একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারকদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে মূলহোতা সোহেল রানা ,মিলন (৩৩), তৈয়ব , মোস্তাক (৪৬), মো. সজীব মুন্সি (৪৪), শামীম আহমেদ (৪৫), মো. মওলাদ আলী
খান (৫২) ও সোহেল রানা , জিন্নাহ (৩৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেট কার, সাতটি মোবাইল ফোন, দুইটি ভুয়া নিয়োগপত্র এবং নগদ ৯৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। এছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়, যাকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে আনা হয়েছিল।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ বিভিন্ন জেলায় চাকরিপ্রার্থীদের টার্গেট করে প্রতারণা চালিয়ে আসছিল। তারা নিজেদের সেনাবাহিনী, আনসার বা সরকারি প্রতিষ্ঠানের প্রভাবশালী কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং পূর্বেও একই ধরনের অপরাধে র্যাব-৪ এর হাতে দু’বার গ্রেফতার হয়েছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।