সুদাম চন্দ্র, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৫১ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। দাপ্তরিক কাজে গ্রাম পুলিশদের গতিশীলতা বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এসব বাইসাইকেল দেওয়া হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাইসাইকেল বিতরণকালে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, গ্রাম পুলিশরা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি বিভিন্ন বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাইসাইকেল পাওয়ায় তাঁদের কাজের গতি বাড়বে এবং দ্রুততম সময়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা সম্ভব হবে।