কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর খাল থেকে এক রোহিঙ্গা তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লামার পাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাজেদা আক্তার (২০) উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিম উল্লাহর মেয়ে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান,
টেকনাফের হ্নীলা ইউনিয়নের লামার পাড়া খালে এক তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে খাল থেকে লাশটি উদ্ধার করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গত এক সপ্তাহ আগে সাজেদা আক্তার ক্যাম্পের ঘর থেকে বের হয়ে আর ফেরেনি বলে জানান স্বজনরা। তখন থেকে তার খোঁজ মিলছিল না।