বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করাই এখন অন্যতম প্রধান দায়িত্ব। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি জনগণের আস্থা পুনর্গঠন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি লিখেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করছে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে দলটি।
তারেক রহমান আরও জানান, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে ৭ হাজারের বেশি দলের সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদ হারিয়েছেন, কেউ বহিষ্কৃত হয়েছেন। তার ভাষায়, “শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়; সেটিই আমাদের শক্তি।”
তিনি বলেন, তরুণরা রাজনী
তিকে ক্ষমতার খেলা হিসেবে নয়, বরং সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে দেখতে চায়। তাই বিএনপি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আধুনিক নীতিমালা প্রণয়ন করেছে।
নিজ বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের সূচনা করে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছিলেন এবং বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন।

তারেক রহমান বার্তার শেষে সহকর্মী ও নেতাদের উদ্দেশে বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। তাহলেই গণতন্ত্রের পথ আরও উজ্জ্বল হবে এবং বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।”