মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উত্তরপাড়া নতুন ব্রিজ থেকে প্রায় ১০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নম্বরবিহীন কালো রঙের একটি জিক্সার (১৫০ সিসি) মোটরসাইকেল দ্রুতগতিতে বরংগাইলমুখী যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল চালক সোহান (২৩), পিতা বাবুল, সাং-ধুপরিয়া মুন্সির চর, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের প্রায় এক ফুট উঁচু ফুটপাতে ধাক্কা খেয়ে সড়কের পাশে থাকা সিমেন্টের একটি পিলারে আঘাত করে। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিন আরোহী সড়কের নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক সোহান এবং আরোহী সুজন (২৪), পিতা ময়নাল, সাং-চাষাভাদ্রা, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইলকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহী মারুফ (২৪), পিতা জাকির হোসেন, সাং-টেংরীপাড়া, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সংবাদ পেয়ে ঘিওর থানার এসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ হাসপাতলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।