মানিকগঞ্জের সিংগাইরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শিক্ষক হাফেজ আসাদ উল্লাহ (৩০)। তিনি সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ফাড়িরচর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।গত সোমবার ২৫ আগস্ট সকাল ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসের চর মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসার বোর্ডিং রুমে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। পরে গত মঙ্গলবার ২৬ আগস্ট গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে খাসের চর এলাকা থেকে আসাদ উল্লাহকে আটক করে। পরদিন (২৭ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন থানার ওসি জেওএম তৌফিক আজম।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। মাদ্রাসার পরিচালক মাওলানা আকরাম হোসেন ও আরও কয়েকজন প্রভাবশালী স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে অভিভাবক ও সাধারণ মানুষ ঘটনাটি গোপন না রেখে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।