গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহৃত কিশোরীকে উদ্ধারে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর সদস্যরা হামলার শিকার হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সদস্যরা ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়তে বাধ্য হন। অভিযানে অপহরণকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ জুলাই রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল অপহৃত কিশোরী শারিয়া মোস্তারিন (১৩) কে উদ্ধারে অভিযানে গেলে, অপহরণকারী লিয়ন বাবু (২২)-কে গ্রেপ্তারের সময় তার স্বজন ও সহযোগীরা হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপে র্যাবের অন্তত ৫-৭ সদস্য আহত হন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সদস্যরা ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে। অভিযানে ঘটনাস্থল থেকে অপহরণকারী লিয়ন বাবু ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ভুক্তভোগী কিশোরী শারিয়াকে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।