সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের উদ্দেশে অশালীন মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে মো. আলমগীর (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। ২৭ মে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একটি ভিডিও বার্তায় হাতে একটি ধারালো ছুরি প্রদর্শন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের উদ্দেশ্যে অশালীন ভাষায় মন্তব্য করেন এবং প্রকাশ্যে হুমকি দেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জনমনে চাঞ্চল্য সৃষ্টি করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, “ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং তদন্ত শুরু করি। ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
আলমগীর একজন রাজনৈতিক কর্মী ছিলেন। তবে তার এমন উসকানিমূলক আচরণে রাজনৈতিক ও সামাজিক মহলে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে কোনো সংগঠিত উসকানি বা ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তদন্তের আওতায় আনা হয়েছে।