মানিকগঞ্জে আবারও পঁচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তৃতীয়বারের মতো জরিমানার মুখে পড়ল ‘অবাক চা এন্ড রেস্টুরেন্ট’।
বুধবার (২৮ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ টাওয়ার স্ট্যান্ড এলাকায় অবস্থিত এই রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।
অভিযানে পঁচা ও বাসি দুধ, মেয়াদোত্তীর্ণ আটা, ইন্ডাস্ট্রিয়াল লবণ ও অপ্রয়োজনীয় ফুড ফ্লেভার ধ্বংস করা হয়। রেস্তোরাঁর ম্যানেজার সুজন মিয়া বলেন, “আমাদের ভুল হয়েছে। এরপর থেকে আমরা সতর্ক হয়ে প্রতিষ্ঠান চালাবো।”
সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, “পঁচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে রেস্তোরাঁটির লাইসেন্স বাতিল করা হবে।”
অভিযানকালে মানিকগঞ্জ ক্যাবের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম এবং পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত তিন বছরে এই রেস্তোরাঁয় মোট তিনবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করেছে।