“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
২৫ মে সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আব্দুল্লাহ বিন শফিক।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে সরকার অটোমেশনসহ নানা উদ্যোগ নিয়েছে। এই মেলার মাধ্যমে জনগণ সহজেই ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফাহিম আসজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান শিশির,
যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক,সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় কুইজ প্রতিযোগিতা, খাজনা পরিশোধসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল ও সরাসরি সেবা প্রদান করা হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলায় ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবার মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়েছে।