রাকিবুল হাসান রকি: ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা এবং ভারতে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা।
গত শুক্রবার (২১ মার্চ) জুমার পর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ মিছিল হয়। এ বিক্ষোভ মিছিলে হাজার হাজার তৌহিদি জনতার ঢল নামে।
এসময় বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন মিছিলকারীরা। মিছিলে ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘বিশ্বের মুসলিম এক হও’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
বক্তারা বলেন, পবিত্র রমজানে সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাত শ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে। এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতনের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি ও ব্যবস্থা নিতে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবচর উপজেলা শাখার সদর মাওলানা আব্দুস সালাম, ইসলামী আন্দোলনের শিবচর শাখার সেক্রেটারি মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা বি.এম. হেমায়েত উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের শিবচর উপজেলা শাখার সভাপতি মাওঃ মাহফুজুর রহমান ঢালি, ইসলামী ছাত্র আন্দোলনের শিবচর উপজেলা শাখার সভাপতি মোঃ কাজী ইসমামসহ শীর্ষ ওলামায়ে কেরাম ও অন্যান্যরা।