মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনার রুপসা নদীতে সুন্দরবন থেকে চোরাইকৃত গেওয়া গড়ান কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড। আজ ১৩ মার্চ কোস্ট কার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: সিয়াম উল হক এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবন ও উপকুলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বনজ সম্পদ রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মার্চ রাত আনুমানিক ১০ টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রুপসা কতৃক খুলনা জেলার রুপসা নদীর জেমনি সি ফুড ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন তিনটি কাঠের বোট তল্লাসি করে সুন্দরবন থেকে চোরাইকৃত ৫৬০ পিচ গেওয়া ও ৭৫ পিচ গড়ান কাঠ জব্দ করা হয়। অভিযান চলাকালীন চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে বোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড টহল দল ধাওয়া করে ১০ জানকে ৩ টি বোট সহ আটক করা হয়। সিয়াম উল হক আরো জানান, জব্দকৃত কাঠ, বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য খুলনা সুন্দরবন পশ্চিম বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। বনজ সম্পদ রক্ষা ও সুন্দরবনের ভারসাম্য রক্ষায় কোস্টগার্ডের এরুপ অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।