মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: পালাতে গিয়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়েও শেষ রক্ষা হলো না কেসিসির ৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর খালিদ আহমেদের। পা ভেঙে গেছে খুলনা সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও থানা আওয়ামীলীগ নেতা খালিদ আহমেদের। পুলিশ তাকে গ্রেফতার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করেছে। খালিশপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ৫ টার দিকে নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করে। তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেফতার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। খালিশপুর থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাংচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে খালিশপুর থানায় ৩ টি এবং খুলনা সদর ও আড়ংঘাটা থানায় ১ টি করে মামলা রয়েছে। খালিশপুর থানার ৩ মামলায় খালিদ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তবে অপর দুটি মামলায় তিনি জামিন নেননি। তিনি পালানোর চেষ্টা করে পায়ে আঘাতপ্রাপ্ত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।