মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: দেশব্যাপী ধর্ষন এবং নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা পাবলিক কলেজ ও খুলনা সরকারী মডেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছে। আজ মঙ্গলবার ১১ মার্চ সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা পাবলিক কলেজের প্রধান ফটক থেকে ও খুলনা সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রধান ফটক থেকে পৃথক পৃথক দুটি মিছিল খুলনা সরকারী মহিলা কলেজ মোড়ে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করে। খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতি প্রিফেক্ট শাদমান রাশিদের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খুলনা সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী প্রতিনিধি নুর মোহাম্মদ আদর ইয়াসির, আজম তানভীর, রেদওয়ান আহমেদ রাফি, রিয়াজুল ইসলাম, ফামিম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য, ধর্ষন, নারী নির্যাতন,চাঁদাবাজি আর এদেশের ছাত্র জনতা মেনে নেবে না। শহীদ আবু সাঈদ, মুগ্ধরা জীবন দিয়েছিল একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।তাদের রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর পরিবেশ চাই, যেখানে সকল জুলুম অত্যাচার অবসান হবে। যেখানেই জুলুম হবে, যেখানে নির্যাতন হবে ছাত্র জনতা সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা দেশের এ অরাজক পরিস্থিতি দেখার জন্য ২৪ এর সাধীনতা আনিনি।দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নারী নির্যাতনকারী ও ধর্ষকদের কঠোর শাস্তি সরুপ জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকরের দাবি রাখছি। আগামী ৭২ ঘন্টার মধ্যে জনসম্মুখে মৃত্যুদন্ড
কার্যকর করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বয়রা চার রাস্তার মোড়ে অবরোধ কর্মসুচি পালন করে। বেলা সাড়ে ১২ টার দিকে অবরোধ কর্মসুচি শেষে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায়।