আশিকুর রহমান রানা, বিশেষ প্রতিনিধি (সিলেট) :: সিলেটের দক্ষিণ সুরমায় বাস, পিকআপ ও দুই মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে ইসাক আলী (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। নিহত ইসাক আলী সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের হাবড়া এলাকার মৃত আব্দুল ওয়ালীদের ছেলে। বেলা দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অতিরবাড়ি এলকায় সিলেটগামী একটি পিকআপ ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানকে পিছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ইসাক আলীসহ পাঁচজন আহত হন। তাদেরকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসাক আলীকে মৃত ঘোষণা করেন।দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেল দু’টি পুলিশ হেফাজতে রয়েছে।