মো. নূর ইসলাম নয়ন,দিনাজপুর : ৬ ফেব্রুয়ারি, দিনাজপুর সদর উপজেলা ক্রীড়া সমিতির আয়োজনে গোর-এ-শহীদ বড়মাঠে অনুষ্ঠিত ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফাতেহা তুজ জোহরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, প্রধান শিক্ষক জয়নাল আবেদিন এবং নেজামুল ইসলাম। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অ্যাথলেটিক, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইকেলিং (ছাত্র-ছাত্রী) ইত্যাদি খেলায় বিজয়ীরা পুরস্কৃত হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ফাতেহা তুজ জোহরা বলেন, “খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখতে সহায়তা করে এবং মাদকসহ সামাজিক বিভিন্ন সমস্যা থেকে যুবসমাজকে দূরে রাখতে সাহায্য করে। আমাদের যুবকদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করা অত্যন্ত জরুরি।” অনুষ্ঠানে খেলার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দিনাজপুরের বিশিষ্ট রেফারী মোঃ ওবায়দুর রহমান, মাজেদুর রহমান, বিপ্লব তপনো, মোঃ মঞ্জুর-উল-আলম মন্টু, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আক্তারুল ইসলাম রাঙ্গা। এছাড়া, সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রওশন আরা ছবি ও মোঃ রিয়াজুল ইসলাম।