মোঃ মাইনুল ইসলাম (মাহিন), রুপগঞ্জ উপজেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ রুপগঞ্জ উপজেলা পূর্বাচল এলাকা প্রাইভেট কারের সাথে ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত এর প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। নিহত মুহতাসিম মাসুদ বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোড এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত ৮টায় মুহতাসিম তার মোটরসাইকেলে করে দুই বন্ধুকে নিয়ে ৩০০ ফিট নীলা মার্কেট এলাকায় খাওয়াদাওয়া করার জন্য আসেন। তারা খাওয়াদাওয়া শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার তল্লাশিচৌকিতে দাঁড়ানো মোটরসাইকেলে থাকা তিন জনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান। আহত হন তার দুই সহপাঠী।
পরে তল্লাশিচৌকিতে থাকা পুলিশ সদস্যরা গাড়িচালকসহ তিন জনকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, ওই প্রাইভেটকার থেকে একটি মদের খালি বোতল ও এক ক্যান বিয়ার পাওয়া গেছে। বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে গ্রেফতারকৃত তিন আসামির ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করা হয়। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমীন আদালত থেকে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ. এফ. এম. মশিউর রহমান ও নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম।সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান বলেন, ‘ডোপ টেস্টে প্রথম দুজনের পজিটিভ রিপোর্ট এসেছে । প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন (২০) ও ওই গাড়িতে থাকা যাত্রী মিরাজুল করিমের (২২) নামের। তবে তৃতীয় জন আসামি আসিফ চৌধুরীর (১৯) ডোপ টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে।
গ্রেফতার মুবিন আল মামুন রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। মিরাজুল করিম রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে এবং আসিফ চৌধুরী উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে এবং তারা তিন জনই শিক্ষার্থী বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, তারা মদ্যপান অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। “দৈনিক ঘোষণার” তদন্তে সব কিছু বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী ।