ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ৩৬ লাখ টাকা আত্মসাৎ এবং মানবপাচারের অভিযোগে মাদারীপুর সদর উপজেলার কুমারটেক এলাকার বাসিন্দা দবির আকন ও তার স্ত্রী লাকি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলায় দোলা আক্তার ও আজবির আকনের নামও আসামি হিসেবে উল্লেখ রয়েছে।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ভুক্তভোগীকে ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দেন অভিযুক্তরা। এ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট প্রায় ৩৬ লাখ টাকা গ্রহণ করা হয়। তবে ইতালিতে পাঠানোর পরিবর্তে প্রতারণার মাধ্যমে তাকে লিবিয়ায় পাঠানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, লিবিয়ায় পৌঁছানোর পর ভুক্তভোগীকে প্রায় ১১ মাস আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ সময় তার পরিবারের কাছ থেকে আরও অর্থ আদায়ের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়।
পরবর্তীতে কোনোভাবে দেশে ফিরে এসে ভুক্তভোগী অভিযুক্তদের কাছে টাকা ফেরত চাইলে তারা টাকা না দিয়ে উল্টো ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। এরপর বাধ্য হয়ে ভুক্তভোগী মাদারীপুরের বিশেষ মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে মামলার আইনি কার্যক্রম শুরু হলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই আসামি দবির আকন ও লাকি বেগমকে গ্রেফতার করে আদালতে হাজির করে। পরে আদালত তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।