টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে বান্দরবানের লামা উপজেলার নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, কৃষিশ্রমিক ও খেটে খাওয়া অসংখ্য মানুষ। এমন দুর্দিনে মানবিক উদ্যোগ নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ নেজাম উদ্দিন কোম্পানি।
সম্প্রতি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে তিনি চালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী হাতে পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য নেজাম উদ্দিন কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা জানান, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানুষের যেকোনো সংকটময় সময়ে নেজাম উদ্দিন কোম্পানিকে সবসময় সাধারণ মানুষের পাশে দেখা যায়। জনপ্রতিনিধি না হয়েও তিনি দীর্ঘদিন ধরে নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহযোগিতা করে আসছেন। ফলে এলাকার মানুষের কাছে তিনি একজন মানবিক ও জনদরদী ব্যক্তি হিসেবে পরিচিত। অনেকে তাকে গরীবের বন্ধু নামেও ডাকেন। এলাকায় কোন গরীব অসহায় মানুষ অসুস্থ হলে তৎক্ষনাৎ তার পাশে দাঁড়ায় নেজাম উদ্দিন কোম্পানি।
খাদ্যসামগ্রী বিতরণকালে নেজাম উদ্দিন কোম্পানি বলেন, “মানুষ মানুষের জন্য। টানা বৃষ্টিতে অনেক পরিবার আয়-রোজগার করতে পারছে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন, ততদিন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাব।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও উচিত দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কোনো পরিবারই না খেয়ে থাকবে না।
স্থানীয় সচেতন মহল নেজাম উদ্দিন কোম্পানির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্যোগের সময় এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং সমাজে মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।