আহলে বাইত রাসুল (সা.)-এর স্মরণে চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফ-এ আয়োজিত ১০ দিনব্যাপী ‘শাহাদাতে কারবালা মাহফিল’-এর ৫ম দিনের আনুষ্ঠানিকতা ভাবগাম্ভীর্য ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (২১ জুন) রাত সাড়ে ৮টায় মাহফিলের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে কারবালা মাহফিল কমিটির সভাপতি শাহছুফি সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ আমিরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা গাজী মোহাম্মদ আবু তাহের। মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদেরা কারবালার শোকাবহ ইতিহাস, এর শিক্ষা এবং সমসাময়িক প্রেক্ষাপটে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, কারবালার শিক্ষা মানুষকে অন্যায়, জুলুম ও অসত্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে উদ্বুদ্ধ করে। এ সময় আশেকে আমিরভান্ডারীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত-মুরিদান এবং ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলে অংশ নেন। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মিলাদ, কিয়াম, দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। তবারুক বিতরণ এর মধ্য দিয়ে শাহাদাতে কারবালা মাহফিলের ৫ম দিনের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষণা করা হয়।