কৃষি বিপনন অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন ” প্রগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়ান্স ইন বাংলাদেশ ( পার্টনার) এপিসিইউ- ডিএএম অংগ” প্রকল্পের আওতায় আঞ্চলিক বিপনন কর্মশালা আজ ২২ জুন খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক এম,এম, আরিফ পাশা। কর্মশালায় প্রধান অতিথি বলেন, কৃষি দেশের চালিকা শক্তি। দেশের ৪৫ শতাংশ মানুষ সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু আমাদের কৃষি ব্যবস্থা সেই পুরোনো রয়ে গেছে। বর্তমানে বাজারমুখী বিশ্ব ব্যবস্থার সাথে তাল মেলাতে গেলে আমরা সনাতন কৃষি ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আমাদের আমদানি কমাতে হবে এবং কোয়ালিটি ফুড উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে হবে। খুলনা কৃষি বিপনন কার্যালয়ের উপ- পরিচালক মোছা: শাহনাজ বেগমের সভাপতিত্বে কর্মশালয় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: রফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজ সিফাত মেহনাজ ও পার্টনার এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনারের সিনিয়র মনিটরিং অফিসার তৌহিদ মো: রাশেদ খান ও খুলনা কৃষি বিপনন কর্মকর্তা সুমন হোসাইন। কৃষি বিপনন কার্যালয় এই কর্মশালার আয়োজন করে। কর্মশালয় মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের কার্যক্রম বিষয়ক মতামত তুলে ধরেন। পার্টনার প্রোগ্রামের মাধ্যমে কৃষি ব্যবসায় যুবক ও নারীদের উৎসাহিত করার জন্য সারাদেশে ২০ হাজার জনকে অন- দ্যা- জব প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টি এবং ইনকিউবেশন সাপোর্ট প্রদান করা হবে। যার মধ্যে রয়েছে ১২ হাজার নারী ও ৮ হাজার যুবক। ২০ হাজারের মধ্যে ৬ হাজার পাঁচশত ৭৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৮ শত ১৫ জন নারী উদ্যোক্তা এবং দুই হাজার ৭ শত ৬০ জন পুরুষ উদ্যোক্তা। এই প্রকল্পটি দেশের আটটি বিভাগে সিটি করপোরেশন, পৌরসভাসহ ৬৪টি জেলা ও ২০৮ টি উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। কর্মশালায় সরকারি – বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, ম্যাবস সদস্য, আড়তদাররা অংশ নেন।