লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির নতুন সদস্য সচিব মনোনীত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী মো. ইলিয়াস হোসেন । যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এই নতুন কমিটি গঠন করা হয়। গত ১৪ই জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিসিয়াল প্যাডে অনুমোদিত কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাহাত উজ জামান, সদস্য সচিব মো. ইলিয়াছ হোসেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজমল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজুলর রশিদ। এছাড়াও কমিটিতে স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রতিনিধি ছাত্রদলের কমলনগর উপজেলা আহবায়ক সাজ্জাদুর রহমান সাজুকে সদস্য করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ক্রীড়াঙ্গনে যে স্থবিরতা রয়েছে, তা কাটিয়ে উঠতেই জাতীয় ক্রীড়া পরিষদের গাইডলাইন মেনে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ করে কমলনগরের ঝিমিয়ে পড়া ক্রীড়া কার্যক্রম সচল করা, স্থানীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ।