বিরলের ১০ নং রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগতপুর গ্রামে সরকারি জমিতে থাকা ইউক্লিপ্টাস গাছ কর্তনের সময় আটক করেছে প্রশাসন।
আটককৃত গাছগুলো স্থানীয় চৌকিদার এর তত্বাবধায়নে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক হোসেন।
স্থানীয়রা জানায়, দক্ষিণ জগতপুর গ্রামের মৃত মোমিনুল ইসলাম এর ছেলে মোশারফ হোসেন তাদের জমির পাশে থাকা সরকারি একটি পুকুরপাড়ে নিজেদের পরিচর্যাকৃত ইউক্লিপ্টাস গাছ বিক্রয় করলে ক্রেতারা গাছগুলো কাটতে শুরু করেন। এরই মধ্যে উপজেলা নির্বাহী অফিসারকে সরকারি জায়গায় গাছ কাটার বিষয়ে অবগত করলে তিনি তাৎক্ষণিক প্রতিনিধি প্রেরণ করেন।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক হোসেন ঘটনাস্থলে পৌঁছে জমির কাগজপত্র দেখতে চাইলে কাগজপত্র দেখাতে সময় চাওয়ায় গাছকাটা বন্ধ করে গ্রামপুলিশ বাবুরাম সরকার এর তত্বাবধায়নে কর্তনকৃত গাছগুলি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আটক করে রাখেন। এ ব্যাপারে কাগজপত্র যাচাই বাছাইপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক হোসেন জানান। বিকালে এরিপোর্ট লেখা পর্যন্ত ২৫ টি কর্তনকৃত গাছ গ্রামপুলিশের তত্বাবধায়নে ছিল।