উন্নয়ন ও প্রশাসনিক এবং নানামুখী নাগরীক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নকে দুটি ইউনিয়ন করার জন্য শুক্রবার ১১ আগস্ট রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এ কে এম বশির উদ্দিন। মুল প্রতিপাদ্য বিষয়ের উপর স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও মুলাদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমডি ফজলুল হক সাঈদ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ খোকন শরীফ, আলী আশ্রাব আলমগীর সরদার, এডভোকেট এনামুল হক বিপ্লব, দুবাই জাতীয়তাবাদী যুবদল এর সাধারণ সম্পাদক মোঃ মামুন হাওলাদার, বিএনপি নেতা মোঃ রিপন, মোঃ কামাল হোসেন, জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের পল্টন থানার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন ডলার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সফিপুর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন বাঘা। বক্তারা বলেন, সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা বৃদ্ধির লক্ষে সফিপুর ইউনিয়নকে দুটো ইউনিয়ন করলে নাগরিক সুবিধা অনেকাংশে বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে বিশষ্ট শিল্পপতি এমডি ফজলুল হক সাঈদ বলেন, জনস্বার্থে সফিপুর ইউনিয়নকে ভেঙ্গে দুটি ইউনিয়ন করার লক্ষ্যে গত ৩১ জুলাই বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট জয়নুল আবদিনের কাছে একটি আবেদন করা হয়েছে। ঐ আবেদনে পৃথক ইউনিয়ন করার যুক্তিযুক্ত কারণগুলো তুলে ধরা হয়েছে। তিনি আরো বলেন, এটি আমাদের প্রথম মতবিনিময় সভা। আগামীতে সফিপুর ইউনিয়নের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে একটি মতবিনিময়ের মাধ্যমে এবং সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে আগামী পদক্ষেপ গ্রহণ করা হবে।