ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস তাস, একটি পুরোনো প্লাস্টিকের পাটি ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা থানার এসআই মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধরচর সদরদী এলাকার খোকন মাতুব্বরের দোকানের বারান্দায় জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হাফিজুর রহমান (৩৮), রানা বেপারী (২৭), মো. জুয়েল (৩৫), সোহেল ফকির (৩৬) ও খোকন মাতুব্বর (৪৫)।
পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার করা ২ হাজার ৩০০ টাকার মধ্যে ৫০০ টাকার তিনটি নোট, ২০০ টাকার দুটি নোট ও ১০০ টাকার চারটি নোট রয়েছে। এছাড়া বিভিন্ন রঙের ৫২ পিস তাস ও একটি পুরোনো প্লাস্টিকের পাটি জব্দ করা হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত পাঁচজনকে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।