ময়মনসিংহের মুক্তাগাছায় খড়ের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গবাদিপশু পালনকারী কৃষক ও খামারিরা। বর্তমানে বাজারে প্রতি আঁটি খড় বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দরে। এতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে কৃষকদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে পর্যাপ্ত রোদ না থাকায় অনেক খড় নষ্ট হয়েছে, যারফলে বাজারে খড়ের সরবরাহ কমেছে। অন্যদিকে গবাদিপশুর খাদ্য হিসেবে খড়ের চাহিদা থাকায় এর দামও বেড়েছে। আগে যে খড় তুলনামূলক কম দামে পাওয়া যেত, বর্তমানে তা কিনতে কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।
উপজেলার বিভিন্ন এলাকায় ও স্থানীয় বিক্রেতাদের কাছে প্রতি আঁটি খড় ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হতে দেখা যাচ্ছে। আকার ও মানভেদে দাম কিছুটা কম-বেশি হচ্ছে।
গবাদিপশু পালনকারী কয়েকজন কৃষক জানান, গরু পালনে খাবারের পেছনে প্রতিদিনই উল্লেখযোগ্য অর্থ ব্যয় হচ্ছে। এর মধ্যে খড়ের দাম বেড়ে যাওয়ায় তাদের খরচ আরও বেড়েছে। দুধ ও গরু মোটাতাজাকরণসহ বিভিন্নভাবে যারা পশু পালন করছেন, তাদের ওপর এই বাড়তি ব্যয়ের প্রভাব পড়ছে।
কৃষকদের দাবি, খড়ের বাজারে সরবরাহ স্বাভাবিক করা গেলে দাম কিছুটা কমতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
স্থানীয়রা বলছেন, খড়ের দাম এভাবে বাড়তে থাকলে ছোট ও প্রান্তিক খামারিদের জন্য গবাদিপশু পালন কঠিন হয়ে পড়বে। তাই দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া জরুরি।