মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর মডেল থানার অধীন শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকষ দল।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার সার্বিক তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে বুধবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
খোকন বেপারি (লামিয়ার শ্বশুর)
রিংকি (লামিয়ার ননদ)
লিমা (লামিয়ার ননদ)
পুলিশ জানায়, আলোচিত এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এদিকে, আলোচিত এই মামলায় তিন আসামির গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে।