ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা এলাকায় উপকূলীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের ব্যবস্থাপনায় ভোলার চরফ্যাশন উপজেলার কোস্ট গার্ড আউটপোস্ট চর মানিকায় একটি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এ সময় মোট ২৬৫ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় জনগণের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।