বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) বিদ্যুৎ শাখায় কর্মরত রাস্তার বাতির সুইচ অন-অফকারী (লাইটম্যান) কর্মীদের কর্মদক্ষতা ও নিরাপদে দায়িত্ব পালনের সুবিধার্থে সাইকেল ও রেইনকোট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত “সাইকেল ও রেইনকোট বিতরণ-২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মীদের হাতে সাইকেল ও রেইনকোট তুলে দেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরবাসীকে নিরবচ্ছিন্ন আলোকসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কর্মরত লাইটম্যানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কাজের পরিবেশ আরও সহজ, নিরাপদ ও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিসিসি সূত্র জানায়, নগরীর বিভিন্ন সড়কের স্ট্রিটলাইট নির্ধারিত সময়ে চালু ও বন্ধ রাখা এবং যেকোনো প্রতিকূল আবহাওয়ায়ও সেবা কার্যক্রম অব্যাহত রাখতে লাইটম্যানদের জন্য সাইকেল ও রেইনকোট বিতরণ করা হয়েছে। এর ফলে মাঠপর্যায়ের কর্মীদের চলাচল সহজ হবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যুৎ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং লাইটম্যানরা উপস্থিত ছিলেন।