ঢাকার সাভারের আশুলিয়ায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৫ জুন বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও ছেলেকে ফিরে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। সন্তানের ফেরার আশায় প্রতিটি মুহূর্ত পার করছেন তার মা।
নিখোঁজ শিশুর নাম ফয়সাল হোসেন আবির (১২)। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। বর্তমানে মায়ের সঙ্গে আশুলিয়ার পাড়াগাঁও নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। আবির স্থানীয় জিরাবো এলাকার জয়গুননেছা মাদ্রাসার কিতাব বিভাগের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ জুন বিকেল ৩টার দিকে আবির বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। তার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। আত্মীয়-স্বজন, পরিচিতজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর মা আঙ্গুরী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার একমাত্র ছেলে গত ২৫ জুন বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। আমরা কারও সঙ্গে কোনো বিরোধে জড়িত নই। অনেক খোঁজাখুঁজির পর আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি শুধু আমার ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই।”
পরিবারের সদস্যরা জানান, আবিরের অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে দ্রুত আশুলিয়া থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,“শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার ছবি ও পরিচয় দেশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে পুলিশের অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।”