ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নারকেল পাড়াকে কেন্দ্র করে কৃষক শ্যাম বিশ্বাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে নিহত শ্যাম বিশ্বাসের বাড়ির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভে স্থানীয় শত শত মানুষ, স্বজন ও প্রতিবেশীরা অংশ নেন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য । তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
এমপি বাবুল বলেন, “দল-মতের ঊর্ধ্বে উঠে আমি একজন মানুষ হিসেবে কথা বলছি। অপরাধী যে-ই হোক, খুনের ঘটনায় কারও জন্য কোনো ছাড় বা ক্ষমা নেই। তদন্তকারী সংস্থা এখানে উপস্থিত রয়েছে, তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। প্রধান আসামিকে কীভাবে গ্রেপ্তার করা হবে, সেটি আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়। তবে আমি চাই দ্রুত তাদের আইনের আওতায় আনা হোক।”
তিনি আরও বলেন, “নিহতের পরিবার আজ অসহায় অবস্থায় রয়েছে। ছোট ছোট নিষ্পাপ শিশুদের চোখের পানি কোনোভাবেই বৃথা যেতে পারে না। এদের চোখের পানি আল্লাহর আরশ কাঁপিয়ে দেবে। তাই এ ঘটনায় কেউ যেন কোনো ধরনের তদবির বা প্রভাব খাটানোর চেষ্টা না করেন। আমি নিজে বিষয়টির শেষ পর্যন্ত খোঁজ রাখব এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পাশে থাকব।”
নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, “আপনারা একটি আবেদনপত্র দিন, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন।”
পরে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি নিহত পরিবারের খোঁজখবর রাখার আহ্বান জানান এবং এতিম হয়ে যাওয়া তিন শিশুর দেখভালের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যারা এই ছোট ছোট এতিম শিশুদের পাশে দাঁড়াবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন।”
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, শ্যাম বিশ্বাস হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।