দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে সর্বস্তরের মানুষ। সোমবার বিকেলে মঙ্গলপুর বাজার এলাকায় এক বিশাল মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলপুর ইউনিয়ন বিএনপি, স্থানীয় স্কাউট এবং সামাজিক সংগঠন “ভালোবাসার ইউনিয়ন আমাদের মঙ্গলপুর”-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রধান নেতৃত্ব দেন। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ, এবং সচেতন নাগরিকরা হাতে হাত রেখে এক বিশাল মানববন্ধন তৈরি করেন।
মানববন্ধন শেষে একটি মাদক বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মঙ্গলপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় আর কোনোভাবেই মাদকের কারবার চলতে দেওয়া হবে না। তারা মাদক ব্যবসা বন্ধ করে ভালো কাজে ফিরে আসার জন্য মাদক কারবারীদের প্রতি আহ্বান জানান। একই সাথে, মাদক ব্যবসা প্রতিহত করতে এলাকার সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, মঙ্গলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মাহমুদুল আলম মাদুল, সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান মানিক শাহ্, এবং উপদেষ্টা হাফিজুর রহমান চৌধুরী।
এছাড়াও উপজেলা বিএনপির সদস্য মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামাল চান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফুর রহমান (হানিফ), স্কাউট কাপ ইউনিট লিডার এস আইনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, সমাজ সেবক জাহাঙ্গীর আলম, এবং ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম (মিজান) কর্মসূচিতে অংশ নেন।
আরও উপস্থিত ছিলেন ছাত্র দলের সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ সিফাত, “ভালোবাসার ইউনিয়ন আমাদের মঙ্গলপুর” সংগঠনের শাহরিয়ার সুমনসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং আপামর জনসাধারণ।