২১ জুন ২০২৬ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট আইনজীবী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক ব্যারিস্টার মো. আবদুস সালামের নিয়োগ নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত। তাঁর দীর্ঘদিনের আইনচর্চা, মানবাধিকার প্রতিষ্ঠা, সুশাসন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল, মানবিক ও কার্যকর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঞ্জুর হোসেন ঈসা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য ব্যারিস্টার মো. আবদুস সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ১৯৬৫ সালের ১ নভেম্বর সিলেটে জন্মগ্রহণকারী ব্যারিস্টার মো. আবদুস সালাম লন্ডনের Lincoln’s Inn থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তিনি তিন দশকেরও বেশি সময় ধরে আইন পেশা, মানবাধিকার, সুশাসন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান বলেন, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা, স্বেচ্ছাসেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ব্যারিস্টার মো. আবদুস সালামের নেতৃত্বে সংগঠনটি মানবিক সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশের মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
পরিশেষে তিনি নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক অগ্রগতি ও উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করেন।