নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশান গ্রামে একটি মাত্র কাঁচা রাস্তার কারণে দীর্ঘদিনের চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামের শিক্ষার্থী, মুরগির খামারি ও সাধারণ বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিপুলশান গ্রামের এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। গ্রামে বেশ কয়েকটি মুরগির খামার রয়েছে। রাস্তা খারাপ হওয়ায় সময়মতো খাদ্য সরবরাহ এবং উৎপাদিত মুরগি ও ডিম বাজারে নিয়ে যেতে চরম বিপাকে পড়তে হয় খামারিদের। যানবাহন চলতে না পারায় খামার মালিকদের অতিরিক্ত পরিবহন খরচ গুনতে হচ্ছে, যা তাদের ব্যবসায়িক লোকসানের মুখে ফেলছে।
একই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদা পেরিয়ে ওই এলাকায় অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় জামাকাপড় ও বইখাতা কাদা লেগে নষ্ট হয়ে যায়, ফলে বৃষ্টি নামলেই শিক্ষার্থীদের ক্লাসে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়। এছাড়া গ্রামের কোনো অসুস্থ রোগীকে দ্রত হাসপাতালে নেওয়ার মতোও কোনো পরিস্থিতি থাকে না।
পিপুলশান গ্রামের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। কিন্তু আশ্বাস মিললেও বাস্তবে রাস্তাটির কোনো সংস্কার কাজ হয়নি।
গ্রামবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে এই কাঁচা রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।