মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বগুড়ার সবুজবাগ এলাকায় জমজমাট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
দীর্ঘ এক মাসব্যাপী প্রতিযোগিতার পর ফাইনালে ওঠে বগুড়া মহানগরীর ৮ নম্বর ওয়ার্ডের সবুজবাগ স্পোর্টিং ক্লাব ও ১৫ নম্বর ওয়ার্ডের গাজী পালশা স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি উপভোগ করতে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন বগুড়া মহানগর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সবুজবাগ শাহী মসজিদের সভাপতি মোঃ বজলুর রশিদ টিপু। এছাড়া পাকুল্লা ইউনিয়নের চেয়ারম্যান নাসিমন বাড়ি টীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুর রউফ। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। তাই ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।