খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া এলাকার দুর্গম করুনা বাঙ্গালো চান কার্বারী পাড়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে গভীর নলকূপ ও সাবমারসিবল মটর স্থাপন করেছে দীঘিনালা জোন (৪ ইবি)।
রোববার (২২ জুন ২০২৬) সকাল ৮টা ৪০ মিনিটে দীঘিনালা জোনের সার্বিক সহায়তায় স্থাপিত গভীর নলকূপ ও সাবমারসিবল মটরের উদ্বোধন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার ১০৫টি পরিবারের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মানুষ বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন (৪ ইবি)-এর জোন কমান্ডার লে. কর্ণেল আল-আমিন এসইউপি, পিএসসি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী, উপকারভোগীসহ এলাকার প্রায় ৫০ থেকে ৬০ জন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে দুর্গম এই এলাকায় বিশুদ্ধ পানির সংকট ছিল। গভীর নলকূপ স্থাপনের ফলে তাদের দৈনন্দিন পানির কষ্ট অনেকটাই লাঘব হবে।
এলাকাবাসী দীঘিনালা জোনের এমন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।