সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইবেকারে দশম শ্রেণিকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অষ্টম শ্রেণির ফুটবল একাদশ।
রোববার (৩০ আগস্ট) বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের লড়াই অমীমাংসিত থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইবেকারে। সেখানে অষ্টম শ্রেণির খেলোয়াড়দের সাফল্যে ৪-২ গোলের জয় নিশ্চিত হয়।
খেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল আলিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন ও যুবনেতা কুরবান আলী যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক মো. আব্দুস শহিদ এবং সমাজসেবক মো. রমজান আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, জাফলং বল্লাঘাট পাথর শ্রমিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সূর্যতরুণ সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি মহরম গাজী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ব্যবসায়ী ইসমাইল হোসেন, মহসিন মিয়া, আমির হোসেন এবং বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি মাজেদা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
ফাইনাল ম্যাচ ঘিরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।