জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত যুব সংগঠন জাতীয় যুবশক্তি–র ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নবঘোষিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
ঘোষিত কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নান্দাইলের তরুণ নেতা ফয়সাল ফারনিম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ সদরের আব্দুল্লাহ আল মামুন ফরাজী।
এই কমিটিতে হালুয়াঘাট উপজেলার তিনজন তরুণ নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন।
তাদের মধ্যে— আবুল হাসনাত হৃদয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি হালুয়াঘাট উপজেলার ৯নং ধারা ইউনিয়নের তরুণ । তিনি দীর্ঘদিন ধরে জেলা এনসিপির রাজনীতির সাথে সম্পৃক্ত। জুলাই আন্দোলনে ময়মনসিংহ শহরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আন্দোলন-পরবর্তী সময়ে তরুণদের সংগঠিত করতে ভূমিকা রাখেন।
এই কমিটিতে আশিক মাহমুদ, সংগঠক পদে দায়িত্ব পেয়েছেন। তিনি হালুয়াঘাট উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নের তরুণ শিক্ষক। আন্দোলনকালীন সময় থেকেই তিনি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
আশরাফুল ইসলাম সোহান, সংগঠক পদে দায়িত্ব পেয়েছেন। তিনি হালুয়াঘাট সদরের বাসিন্দা এবং জুলাই আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপির কার্যক্রমে ধারাবাহিকভাবে যুক্ত রয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, হালুয়াঘাটের এই তিন তরুণের অন্তর্ভুক্তিতে জেলা কমিটিতে নতুন উদ্যম, কর্মচাঞ্চল্য ও গতিশীলতা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহ জেলা জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ।