সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) ছাতক পৌর শহর থেকে পৌরসীমা হয়ে গোবিন্দগঞ্জ পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীতকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।প্রকল্পটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, সুরমা ব্রিজ থেকে পাগল হাসান চত্বর পর্যন্ত সড়কটি ৪৮ ফুট প্রশস্ত করা হবে। এরপর পাগল হাসান চত্বর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত সড়কটির প্রস্থ হবে ৩৬ ফুট।সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী এবং ছাতক উপ-বিভাগীয় প্রকৌশলী জানান, আগামী ২০২৮ সালের জানুয়ারি মাসের মধ্যে প্রকল্পটির নির্মাণকাজ শেষ করে সড়কটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ছাতকের সার্বিক কল্যাণ ও প্রকল্পের সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ছাতক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আলী আজকর খাঁন।স্থানীয়দের প্রত্যাশা, ফোর লেন সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে ছাতক পৌর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উন্নত যোগাযোগব্যবস্থার ফলে ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।