চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শীর্ষ স্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিষ্ঠানটিকে সংবর্ধিত করেন।
২৯ আগস্ট (শনিবার) তাঁর নির্বাচনী এলাকা কুলিয়ারচরে সরকারি সফরের অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও সামাজিক সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল ৫টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহজাহান সিরাজ।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম. এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক মো. রফিকুল ইসলাম আলী এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহাদত হোসেন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মোবাব্বির হোসেন, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলু হক, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জিন্নাহ, উপজেলা সমাজ সেবা অফিসার মাহবুবা সিদ্দিকী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমূখ।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এলাকায় একগুচ্ছ উন্নয়ন কর্মসূচিতে অংশ নেন। বিকেল ৪টার দিকে কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে কুলিয়ারচর বাজার ও জনগুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এর কিছুক্ষণ পর তিনি কুলিয়ারচর মৎস্যবাজার জামে মসজিদ এবং বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান বিদ্যালয়টি সরকারিকরণের (জাতীয়করণ) দাবি জানান।
বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবর্গের মাঝে হুইলচেয়ার ও শ্রবণ সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।