বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে পুলিশ পরিচয় দিয়ে এক নারীর নাকের সামনে কথিত চেতনানাশক পাউডার ধরে অর্ধচেতন করে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কল্পনা বেগম আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের বাসিন্দা কল্পনা বেগম (৫৬) গত শনিবার(১আগস্ট) সকাল প্রায় ৭টার দিকে প্রতিদিনের মতো হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি গৈলা রথখোলা স্ট্যান্ডের বড়ইতলা এলাকায় যাওয়ার জন্য একটি ব্রিজে উঠলে একটি প্রাইভেটকারে করে আসা ৩ থেকে ৪ জন ব্যক্তি তার গতিরোধ করে।
ভুক্তভোগীর দাবি, ওই ব্যক্তিরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তার নাকের সামনে একটি অজ্ঞাত পাউডার ধরে। এতে তিনি অর্ধচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা তার গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
কল্পনা বেগম জানান, ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনের বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। ঘটনার পর তিনি আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।