‘স্কাউটিং করি, সুন্দর বিশ্ব গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন, যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হালুয়াঘাটে বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস পালিত হয়েছে। শনিবার (০১ আগস্ট, ২০২৬) বাংলাদেশ স্কাউট, হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। স্কাউটিংয়ের মূল আদর্শ—শৃঙ্খলা, মানবসেবা, নেতৃত্ব, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্কাউটিং কেবল একটি সংগঠন নয়; এটি তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার এক অনন্য আন্দোলন। দেশপ্রেম, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধ বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা, স্বেচ্ছাসেবী মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি হয়, যা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউটার, রোভার স্কাউট, স্কাউট সদস্য, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন