‘বাহাদুরি করতে গিয়ে যেন স্কুলের শিক্ষকের ওপর আঘাত না আসে। স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে শালীন আচরণ করে বিদ্যালয় পরিচালনা করতে হবে।’কেউ শিক্ষকদের হয়রানি করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয় পরিচালনা কমিটিকে লক্ষ্য করে পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এ কথা বলেছেন।
গত শনিবার (৮ আগস্ট) সকালে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনামুল হক এনাম বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা ও অতীতের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক তফাত রয়েছে। শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, শিক্ষকরা সন্তানদের মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দেওয়া এবং তাঁদের ন্যায্য অধিকার রক্ষায় সরকার কাজ করছে।
‘মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সহকারী শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পটিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুল হক। উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমি দেব, বনশ্রী বড়ুয়া, ফয়জুন্নেসা মিলি ও রেহেনা আকতার যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, আশীষ কুমার ধর এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, পটিয়া ক্লাবের সদস্যসচিব মোজাম্মেল হক, পটিয়া ক্রীড়া সংস্থার সদস্য মইনুল আলম ছোটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোহিদুল আলম, বিএনপি নেতা আবু ছালেহ মোহাম্মদ সাইফুদ্দিন, শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলার সভাপতি হাজী কামাল উদ্দিন, পটিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব ওহিদুল আলম পিবলু এবং সমিতির সাধারণ সম্পাদক মনছুর আলম চৌধুরী।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক, গুণী শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দক্ষতা বিকাশে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা রাখতে হবে। বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক-অভিভাবকের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।