শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আনা প্রায় ১৭ লাখ ৫৮ হাজার টাকার বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এসব পণ্য বহনে ব্যবহৃত একটি পাওয়ার টিলারের ট্রলিও জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার ভোরে উপজেলার গজনী সীমান্ত এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা গজনী সীমান্ত এলাকায় অভিযান চালান। অভিযানের সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের কসমেটিকস এবং একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা কসমেটিকস ও ট্রলির আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।