চরকালেখান ইউনিয়নে জয়ন্তী নদীর ভয়াবহ ভাঙন নতুন করে মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের লালন সরদার বাড়ির রাস্তার মাথা থেকে পশ্চিমে আলম চৌকিদার বাড়ির রাস্তার মাথা পর্যন্ত প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে নদীভাঙন তীব্র আকার ধারণ করায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, অব্যাহত ভাঙনের ফলে গুরুত্বপূর্ণ এই অংশটি যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নদীর তীর থেকে মাত্র প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত ৯৮ নম্বর পূর্ব বাণীমর্দন চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন সরাসরি হুমকির মুখে রয়েছে।
এছাড়াও চরকালেখান ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিস, নমরহাট বাজার, গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক এবং অসংখ্য বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে সরকারি-বেসরকারি স্থাপনা ও জনবসতির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ অবস্থায় স্থানীয়রা জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে নদীতীর সংরক্ষণের লক্ষ্যে সিসি ব্লক বা জিও ব্যাগের মাধ্যমে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে ভয়াবহ ভাঙন রোধ করে জনপদ, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো রক্ষা করা সম্ভব হয়।