আমি কেউ না, শূন্যে আমি
শূন্যতায় আমি
তবুও আমার জন্মদিন।/আমাকে ঘিরে উৎসব প্রতিদিন।
আমাকে জন্মের ডাক শোনায় আমার মা-বাবা /আমি প্রকৃতির ইচ্ছে ফসল
একদিন আমি ফসিল হবো
হে আমার পূর্ব পুরুষ হে অনাগত
এই মাটি এই আকাশ
এক আসমান থেকে আরেক আসমানের শূন্যতা
গ্রহ-গ্রহানুপঞ্জুর মধ্যে হরেক পরীক্ষা
কল্পনা সাহিত্য বিজ্ঞান ধর্ম
কিছুই আমার জন্য জরুরি নয়
আমি এক অগ্নি বায়ু জলের নাম
আমি পূন্য- পাপে বাঁচি মরি
আমি স্রস্টার তবু শয়তান খেলে
আমি পরাজিত হয়ে জিততে থাকি
অথচ এমন জিতবার জন্য জন্ম নয়
আমার জন্ম নিয়ে আর কী বলবো
আমার সকাল সন্ধ্যা , দিন-রাত্রি
কিছুই আমার নয়
আমার কোনো কর্মও আমি দেখি না
দেখি না শিল্প সাহিত্য, সমাজ ধর্ম, অর্থ- রাষ্ট্রনীতির কিছুই
মানবিক ভাবনা দেশপ্রেম বিশ্ববোধ
না, কিছুই ছুঁতে পারিনি
আমার জন্ম শুধু ভালোবাসাময়
তোমাদের রোদ-বৃষ্টির কবিতাগান।