1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিবেকের মৃত্যু, মানবতার গুম—বুবি মায়ের মৃত্যু আমাদের কী শিক্ষা দিল? - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রধান শিক্ষকের কক্ষে তালা,ভোগান্তিতে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সভা বোয়ালমারীতে ব্যবসায়িক লেনদেন নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন দীঘিনালায় বন্যাদুর্গত আশ্রয়কেন্দ্রে ৭৫১ মানুষের মাঝে সেনাবাহিনীর দুপুরের খাবার বিতরণ বর্ষা ক্লাইমেট অ্যাকশন’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরুন্দিতে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না.গঞ্জে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙামাটিতে দুর্যোগকবলিত মানুষের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

বিবেকের মৃত্যু, মানবতার গুম—বুবি মায়ের মৃত্যু আমাদের কী শিক্ষা দিল?

reporter মো. মঞ্জুর হোসেন ঈসা
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ২:০৪ অপরাহ্ণ

“আমাদের বিবেক পচে গন্ধ ছড়াচ্ছে। মনুষ্যত্ব মরে গেছে। মানবতা গুম হয়ে গেছে। ভালোবাসা হারিয়ে গেছে। চরিত্র ধ্বংস হয়ে গেছে। তা না হলে কীভাবে সম্ভব—একজন অসহায়, বাকপ্রতিবন্ধী বৃদ্ধা মায়ের ওপর এমন নৃশংস হামলা?”
এই প্রশ্ন শুধু একজন মানুষের নয়; এটি আজ সমগ্র সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করে।
নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচিত মুখ ছিলেন বাকপ্রতিবন্ধী বৃদ্ধা বুবি। প্রায় ২৫ বছর আগে তিনি একটি ট্রেনে চড়ে মেথিকান্দা স্টেশনে এসে নামেন। তারপর আর কোথাও ফিরে যাননি। স্টেশনই হয়ে ওঠে তাঁর ঘর, আশ্রয়, কর্মস্থল এবং জীবনের শেষ ঠিকানা।
তিনি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মী ছিলেন না। নিজের উদ্যোগে প্রতিদিন স্টেশনের প্ল্যাটফর্ম পরিষ্কার করতেন। স্থানীয় দোকানদার, যাত্রী ও শুভানুধ্যায়ীদের দেওয়া সামান্য সহায়তাই ছিল তাঁর আয়ের উৎস। কখনো কখনো ভিক্ষাও করতে হতো। অমানুষিক কষ্টের মধ্যেও তিনি অল্প অল্প করে প্রায় ৪০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন—সম্ভবত ভবিষ্যতের অনিশ্চয়তার কথা ভেবে।
কিন্তু সেই সঞ্চয়ই যেন তাঁর জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়।
গত শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁর ছোট্ট কক্ষে ঢুকে টাকা দাবি করে। বুবি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁর লুকিয়ে রাখা প্রায় ৪০ হাজার টাকা লুট করে হামলাকারীরা পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর পাশে দাঁড়ায়। চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে রায়পুরায় তাঁর দাফন সম্পন্ন হবে। তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন থেকে যায়—বিচার কি বুবি মাকে ফিরিয়ে দিতে পারবে?

একটি সভ্য রাষ্ট্রের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় সে রাষ্ট্র কতটা দুর্বল, অসহায় ও প্রান্তিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে তার ওপর।
যেখানে একজন বৃদ্ধা, বাকপ্রতিবন্ধী নারী, যার কোনো পরিবার নেই, কোনো নিরাপত্তা নেই, কোনো সামাজিক সুরক্ষা নেই—তিনি রাতের অন্ধকারে দুর্বৃত্তদের হাতে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন, সেখানে আমাদের রাষ্ট্র, সমাজ ও মানবিক মূল্যবোধ—সবই কঠিন প্রশ্নের মুখে পড়ে।
শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়, সমাজের প্রতিটি নাগরিকেরও নৈতিক দায়িত্ব রয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এমন মানুষদের নিরাপত্তা, চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

আজ আমরা প্রযুক্তিতে উন্নত হচ্ছি, অর্থনীতিতে এগোচ্ছি, অবকাঠামো নির্মাণ করছি। কিন্তু একই সঙ্গে কি আমাদের মানবিকতা ক্ষয়ে যাচ্ছে?
একজন অসহায় বৃদ্ধার কষ্টার্জিত ৪০ হাজার টাকার জন্য তাঁকে পিটিয়ে হত্যা করা—এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়; এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। এটি আমাদের সামাজিক অবক্ষয়, নৈতিক সংকট এবং বিবেকহীনতার নির্মম প্রতিচ্ছবি। যে সমাজে একজন বৃদ্ধা নিরাপদ নন, সেখানে কেউই প্রকৃত অর্থে নিরাপদ নন।

এই ঘটনার পর শুধু শোক প্রকাশ করলেই চলবে না। প্রয়োজন কার্যকর পদক্ষেপ।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
দেশের সব রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে বসবাসকারী অসহায়, ভবঘুরে ও প্রতিবন্ধী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পরিচয়হীন ও পরিবারবিচ্ছিন্ন মানুষের জন্য একটি জাতীয় তথ্যভাণ্ডার এবং পুনর্বাসন কর্মসূচি চালু করা প্রয়োজন।
বয়স্ক, প্রতিবন্ধী ও আশ্রয়হীন মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর ও বাস্তবমুখী করতে হবে।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে ঝুঁকিপূর্ণ মানুষের নিয়মিত খোঁজখবর ও সহায়তার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করছি।
আমরা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা প্রচলিত আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।
একই সঙ্গে রাষ্ট্রের কাছে আহ্বান জানাই—দেশের প্রতিটি অসহায়, প্রবীণ, প্রতিবন্ধী ও আশ্রয়হীন মানুষের জীবন ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
বুবি মা আর ফিরে আসবেন না। কিন্তু তাঁর মৃত্যু যেন আরেকটি পরিসংখ্যান হয়ে না থাকে। তাঁর রক্তের দাগ যেন আমাদের বিবেককে জাগিয়ে তোলে। এমন নির্মম পরিণতি যেন আর কোনো মায়ের ভাগ্যে না আসে।
বুবি মায়ের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com